Logo

১৮ বছরে ১৪২৯৮৩টি মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ২০:৪৭
১৮ বছরে ১৪২৯৮৩টি মামলা হয়েছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

গত প্রায় ১৮ বছরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি মামলা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তার দাবি অনুযায়ী, এসব মামলার বড় একটি অংশ রাজনৈতিক উদ্দেশ্যে হয়রানিমূলকভাবে দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা বা হয়রানিমূলক মামলার কোনো পূর্ণাঙ্গ সরকারি পরিসংখ্যান আলাদাভাবে সংরক্ষণ করা হয় না। তবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত এই বিপুল সংখ্যক মামলা দায়ের হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর রাজনৈতিক উদ্দেশ্যে করা মামলাগুলো যাচাই-বাছাই করার জন্য জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটিগুলো মামলার নথি, এজাহার, চার্জশিট এবং পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করে দেখে যে মামলাগুলো সত্যিই রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কিনা।

যেসব মামলায় বিচার অব্যাহত রাখা জনস্বার্থের পরিপন্থী বা রাষ্ট্রের ক্ষতির ঝুঁকি রয়েছে বলে মনে করা হয়, সেগুলো প্রত্যাহারের সুপারিশ করা হয়। জেলা কমিটির সুপারিশ পর্যালোচনার জন্য একটি কেন্দ্রীয় কমিটিও গঠন করা হয়েছে, যা ২০২৬ সালের মার্চে কার্যক্রম শুরু করে।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আরও জানান, ইতোমধ্যে যাচাই-বাছাইয়ের পর ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। বাকি মামলাগুলোও পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD