Logo

সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১ এপ্রিল, ২০২৬, ১৮:২২
সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট
ছবি: সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান নিয়ে আলোচনার সময় কোনো সমাধান না আসায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। বুধবার (১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশন চলাকালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

চলতি অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন বিরোধীদলীয় সদস্যরা অংশ নিলেও আলোচনার এক পর্যায়ে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ওয়াকআউটের ঘোষণা দেন। সংবিধান সংস্কার ইস্যুতে আলোচনার ফলাফল না আসায় তারা এ সিদ্ধান্ত নেন।

সংসদে বিরোধীদলীয় নেতা জানান, তারা প্রতিকার চেয়েছিলেন একটি নির্দিষ্ট বিষয়ে, যা কোনো একটি দলের একক বিষয় নয়। নির্বাচনের আগেই এ বিষয়ে সরকারি দল ও বিরোধী দল—সবাই একমত ছিল এবং সে অনুযায়ী তারা প্রচারণাও চালিয়েছেন।

বিজ্ঞাপন

তবে প্রত্যাশিত সমাধান না পাওয়ায় জনগণের মতামতের প্রতিফলন হয়নি বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থাকে তারা গ্রহণ করতে পারছেন না জানিয়ে প্রতিবাদস্বরূপ ওয়াকআউটের ঘোষণা দেন।

অধিবেশন চলাকালে স্পিকার বিরোধীদলীয় নেতাকে অনুরোধ করে বলেন, তার বক্তব্য শেষ না হওয়ায় আলোচনা সম্পূর্ণ হয়নি।

তিনি জানান, বিরোধী দলের ওয়াকআউট করার অধিকার রয়েছে, তবে পরবর্তী একটি মুলতবি প্রস্তাবের মাধ্যমে তাদের প্রশ্নের উত্তর পাওয়ার সুযোগ থাকতে পারে। সেই প্রস্তাব শুনে তারপর সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান স্পিকার।

বিজ্ঞাপন

জবাবে বিরোধীদলীয় নেতা জানান, উক্ত প্রস্তাবটি আগে থেকেই তাদের নজরে এসেছে এবং তারা মনে করছেন মূল আলোচনাকে আড়াল করার উদ্দেশ্যেই ওই প্রস্তাব সামনে আনা হয়েছে। এ কারণেই তারা দুইটি বিষয়কে প্রতিবাদ জানিয়ে আপাতত সংসদ থেকে ওয়াকআউট করেছেন।

এই ঘটনাকে কেন্দ্র করে সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। সংবিধান সংশোধন ও সংস্কার সংক্রান্ত আলোচনায় রাজনৈতিক মতপার্থক্য আবারও প্রকাশ পেল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD