সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠন হবে: চিফ হুইপ

সংবিধান সংশোধনের লক্ষ্যে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি জানান, খুব শিগগিরই এই কমিটি গঠন করে সংশোধন প্রক্রিয়া শুরু করা হবে।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।
চিফ হুইপ বলেন, প্রস্তাবিত কমিটিতে আনুপাতিক হারে বিভিন্ন দলের সদস্যদের পাশাপাশি স্বতন্ত্র সদস্যদেরও অন্তর্ভুক্ত করা হবে, যাতে একটি সমন্বিত ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে সংবিধান সংশোধন করা যায়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আগামী রোববারের মধ্যেই কমিটি গঠনের বিষয়ে দৃশ্যমান অগ্রগতি দেখা যেতে পারে। সংবিধান সংশোধনের কাজ এমনভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে, যাতে ঘন ঘন পরিবর্তনের প্রয়োজন না পড়ে।
সংবিধান সংশোধন প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ক্ষেত্রে সবার অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এককভাবে কোনো উদ্যোগে কার্যকর ফল পাওয়া সম্ভব নয়, তাই সকল পক্ষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি আশা প্রকাশ করেন, বিরোধী দলও এই প্রক্রিয়ায় যুক্ত হবে।
বিজ্ঞাপন
চিফ হুইপ আরও বলেন, সংবিধান সংশোধন দেশের স্বার্থে করা হবে এবং এর মাধ্যমে কারও ব্যক্তিগত সুবিধা বা ক্ষতি বিবেচ্য নয়। জনগণের কল্যাণ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য। তিনি মনে করেন, গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে মতভেদ থাকলেও বৃহত্তর স্বার্থে ঐকমত্যে পৌঁছানো সম্ভব।
তিনি উল্লেখ করেন, সরকার সংসদকে কার্যকর ও গতিশীল করতে চায় এবং সংসদের মাধ্যমেই দেশের বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বিজ্ঞাপন
এদিকে সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সংসদ অধিবেশন কক্ষে উন্নত মানের সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করা হয়েছে, যাতে শব্দ উৎপাদনের এক সেকেন্ড বা তার কম সময়ে তা শোষণ হয়ে প্রতিধ্বনি তৈরি না হয়। পাশাপাশি অধিবেশন কক্ষে ইন্টারনেটের গতি বৃদ্ধি, সংসদ এলাকায় পর্যাপ্ত সুপেয় পানি সরবরাহ এবং সংসদ সদস্যদের আবাসন ব্যবস্থার প্রস্তুতি দ্রুত সম্পন্ন করার বিষয়েও সুপারিশ উঠে আসে।
চিফ হুইপের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন একাধিক সংসদ সদস্য, যারা সংসদীয় কার্যক্রমকে আরও কার্যকর ও আধুনিক করার বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।








