পে-স্কেল নিয়ে প্রশ্ন হাসনাতের, জবাব এড়িয়ে গেলেন প্রতিমন্ত্রী

সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিবেচনার দাবি তুলে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তবে এ বিষয়ে সরাসরি কোনো উত্তর না দিয়ে পে কমিশনের কার্যক্রমের কথা উল্লেখ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী।
বিজ্ঞাপন
বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপন করেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী দেশে বর্তমানে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৪ লাখ ৫০ হাজার ৮৯১ জন। তাদের সর্বশেষ বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছিল ২০১৫ সালে। সেই হিসেবে গত এক দশকেরও বেশি সময় ধরে নতুন কোনো পে-স্কেল বাস্তবায়ন হয়নি।
সংসদ সদস্য আরও উল্লেখ করেন, এই দীর্ঘ সময়ে দেশে মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্য হারে বেড়েছে—যা প্রায় ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে। ফলে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নিম্ন আয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণির কর্মচারীরা সবচেয়ে বেশি চাপে রয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
এ প্রেক্ষাপটে তিনি জানতে চান, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে অর্থ মন্ত্রণালয়ে কোনো প্রস্তাব পাঠানো হবে কি না এবং এ বিষয়ে সরকারের নির্দিষ্ট পরিকল্পনা কী।
আরও পড়ুন: চার জেলার ডিসিকে প্রত্যাহার করেছে সরকার
জবাবে প্রতিমন্ত্রী আব্দুল বারী সরাসরি বেতন বৃদ্ধির বিষয়ে কোনো প্রতিশ্রুতি বা ব্যাখ্যা দেননি। তিনি বলেন, বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের অধীনে একটি পে কমিশন কাজ করছে। কমিশনের কার্যক্রম সম্পন্ন হলে এবং এ বিষয়ে আলাদা নোটিশ দেওয়া হলে বিস্তারিত তথ্য সংসদে উপস্থাপন করা হবে।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রীর এমন উত্তরে বেতন কাঠামো সংস্কার নিয়ে স্পষ্ট কোনো দিকনির্দেশনা না থাকায় বিষয়টি নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








