Logo

ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১২:৫৩
ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ২০ জন নিহত : রোড সেফটি ফাউন্ডেশন
ছবি: সংগৃহীত

সদ্য শেষ হওয়া ঈদুল ফিতরকে কেন্দ্র করে ১৫ দিনে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৯৮ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ২০ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

সংস্থাটির তথ্যমতে, ১৪ থেকে ২৮ মার্চ পর্যন্ত ৩৭৩টি সড়ক দুর্ঘটনায় এসব প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ৪৬ জন নারী ও ৬৭ জন শিশু রয়েছে। একই সময়ে দুই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন হাসপাতাল ও গণমাধ্যম সূত্রে জানা গেছে।

সড়কের পাশাপাশি নৌ ও রেলপথেও দুর্ঘটনা ঘটেছে। এ সময়ে ১১টি নৌ দুর্ঘটনায় ৯ জন নিহত, ২৩ জন আহত ও ২ জন নিখোঁজ হন। অন্যদিকে ২৯টি রেল দুর্ঘটনায় ৪১ জন নিহত এবং ২০৯ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে—১১৬ জন। এছাড়া বাসযাত্রী ৪১ জন, থ্রি-হুইলার যাত্রী ৫০ জন, প্রাইভেটকার ও মাইক্রোবাসে ২০ জনসহ বিভিন্ন যানবাহনের আরোহী নিহত হয়েছেন।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা যায়, জাতীয় মহাসড়কে ১১৫টি, আঞ্চলিক সড়কে ১৬১টি, গ্রামীণ সড়কে ৪৮টি এবং শহরের সড়কে ৪২টি দুর্ঘটনা ঘটেছে। বেশিরভাগ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারানো ও মুখোমুখি সংঘর্ষের কারণে হয়েছে।

বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রামে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে—৯৩টি দুর্ঘটনায় ৭৪ জন নিহত। বিপরীতে বরিশালে সবচেয়ে কম ১২ জনের মৃত্যু হয়েছে। একক জেলা হিসেবে চট্টগ্রাম জেলাতেই সবচেয়ে বেশি দুর্ঘটনা ও মৃত্যু রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

ঈদকে ঘিরে দেশের ভেতরে ব্যাপক যাতায়াত হলেও অব্যবস্থাপনার কারণে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। পাশাপাশি কয়েকটি বড় দুর্ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়, যেগুলোকে কাঠামোগত ব্যর্থতার ফল বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, আগের বছরের তুলনায় দুর্ঘটনা কিছুটা বেড়েছে, তবে প্রাণহানি কমেছে। এর একটি কারণ হিসেবে মোটরসাইকেল ব্যবহার কমে যাওয়াকে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সংস্থাটি সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু সুপারিশ দিয়েছে। এর মধ্যে রয়েছে—জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল পুনর্গঠন, পরিবহন খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, আধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার বাধ্যতামূলক করা, দক্ষ চালক তৈরি এবং সড়ক অবকাঠামো উন্নয়ন।

তাদের মতে, সমন্বিত পরিকল্পনা, প্রযুক্তির ব্যবহার এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তবে এর জন্য প্রয়োজন কার্যকর উদ্যোগ ও দৃঢ় রাজনৈতিক সদিচ্ছা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD