রাত ৮টায় দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত হয়নি: মালিক সমিতি

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের যে তথ্য বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে, তা সঠিক নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতি সভাপতি মো. হেলাল উদ্দিন। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে সংগঠনের অবস্থান পরিষ্কার করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, সম্প্রতি কিছু মাধ্যমে দোকান বন্ধ সংক্রান্ত একটি সিদ্ধান্তের কথা প্রচার করা হয়েছে, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত এ ধরনের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
হেলাল উদ্দিন আরও জানান, আগামী ৪ এপ্রিল দুপুরে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং জ্বালানি প্রতিমন্ত্রী উপস্থিত থাকবেন। দেশের বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরাও এতে অংশ নিতে ঢাকায় আসছেন। সভায় সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে জ্বালানি সাশ্রয় বিষয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি বিবেচনায় থাকবে।
বিজ্ঞাপন
তিনি উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বর্তমানে সব দেশেই অনুভূত হচ্ছে। এই পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা কীভাবে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে অবদান রাখতে পারে, সে বিষয়ে সরকার ও ব্যবসায়ী সংগঠনগুলোর যৌথ আলোচনার মাধ্যমে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এর আগে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধ রাখার তথ্য প্রকাশিত হয়, যেখানে বিভিন্ন ব্যক্তির নাম ও স্বাক্ষর উল্লেখ ছিল। তবে ওই তথ্যের সঙ্গে সংগঠনের আনুষ্ঠানিক অবস্থানের মিল নেই বলে দাবি করেছেন সভাপতি।
বিজ্ঞাপন
মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে, বিভ্রান্তি এড়াতে গণমাধ্যম ও সংশ্লিষ্টদের যাচাই করে তথ্য প্রকাশ করা প্রয়োজন, যাতে ব্যবসায়ীদের মধ্যে ভুল ধারণা তৈরি না হয়।








