Logo

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ‘ছাগল-কাণ্ড’ তুলে ধরা সেই সাইয়েদ আবদুল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ১৬:৪৬
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ‘ছাগল-কাণ্ড’ তুলে ধরা সেই সাইয়েদ আবদুল্লাহ
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো. সাইয়েদ বিন আবদুল্লাহকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (যুব কর্মসংস্থান বিষয়ক) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাইয়েদ বিন আবদুল্লাহকে চুক্তিভিত্তিক এই পদে নিয়োগ দেওয়া হয়েছে গ্রেড-২ পদমর্যাদায়। যোগদানের পর থেকে তিনি প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে দায়িত্ব পালন করবেন।

নিয়োগের শর্ত অনুযায়ী তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে হলে তা পরিত্যাগ করতে হবে।

বিজ্ঞাপন

এছাড়া প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং জনস্বার্থে এই আদেশ কার্যকর করা হয়েছে।

সাইয়েদ বিন আবদুল্লাহ ২০২৪ সালের ঈদুল আজহার আগে আলোচিত তথাকথিত ‘ছাগল-কাণ্ড’ সংক্রান্ত বিষয়টি সামনে আনার মাধ্যমে আলোচনায় আসেন। সে সময় তিনি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক কর্মকর্তার পারিবারিক সম্পর্ক ও আর্থিক লেনদেন নিয়ে সামাজিক মাধ্যমে ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধানভিত্তিক তথ্য উপস্থাপন করেন, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে ওই বিষয়ের বিস্তারিত উঠে আসে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পদের তথ্য নিয়েও প্রশ্ন ওঠে। এর প্রেক্ষিতে প্রশাসনিক ও আইনি বিভিন্ন পদক্ষেপও নেওয়া হয়।

সাইয়েদ আবদুল্লাহর নিয়োগকে যুব কর্মসংস্থান খাতে নীতি সহায়তা ও কার্যক্রম সমন্বয়ের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সরকার জনস্বার্থে তার অভিজ্ঞতা ও সংশ্লিষ্টতা কাজে লাগাতে তাকে এই দায়িত্ব দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে ধারণা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD