Logo

প্রথমবার সংসদে সুযোগ পেয়ে যে দাবি জানালেন আমির হামজা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ এপ্রিল, ২০২৬, ২০:৫৮
প্রথমবার সংসদে সুযোগ পেয়ে যে দাবি জানালেন আমির হামজা
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে প্রথমবারের মতো বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমির হামজা। বৃহস্পতিবার (২ এপ্রিল) তিনি সংসদে তার এলাকার অবকাঠামো ও স্বাস্থ্য খাতের নানা সমস্যার বিষয় তুলে ধরেন এবং দ্রুত সমাধানের দাবি জানান।

বিজ্ঞাপন

বক্তব্যে তিনি বলেন, কুষ্টিয়া যা উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার এবং সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত। বর্তমানে গুরুতর অবকাঠামোগত সংকটে রয়েছে। বিশেষ করে বটতলা থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় এবং বটতলা থেকে পাটিকাবাড়ি সীমান্ত পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ কিলোমিটার দীর্ঘ সড়ক দুটি দীর্ঘদিন ধরে অত্যন্ত জরাজীর্ণ অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, গুরুত্বপূর্ণ এই সড়কগুলো দিয়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ যাতায়াত করেন। কিন্তু রাস্তাগুলোর বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বিজ্ঞাপন

এ অবস্থায় তিনি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রায় ৪২ কিলোমিটার দীর্ঘ এই দুই সড়ক দ্রুত প্রশস্ত করা এবং মাঝখানে আইল্যান্ড নির্মাণের মাধ্যমে নিরাপদ চলাচল নিশ্চিত করা জরুরি।

সংসদে তিনি কুষ্টিয়ার স্বাস্থ্য খাতের দীর্ঘদিনের স্থবিরতার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন। ২০১১ সালের ৯ অক্টোবর শুরু হওয়া কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রকল্পটি ২০২৬ সালেও কার্যত অগ্রগতি না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রায় ১০০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। পরিকল্পনা অনুযায়ী ২৩টি বিভাগের মধ্যে মাত্র দুইটি বিভাগ সীমিত পরিসরে চালু রয়েছে, যা জনগণের চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল।

আমির হামজা জানান, হাসপাতালটি পূর্ণাঙ্গভাবে চালু করা গেলে কুষ্টিয়াসহ পার্শ্ববর্তী অন্তত পাঁচ থেকে ছয় জেলার প্রায় ১৮ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা পেতে পারে। এ কারণে তিনি স্বাস্থ্যমন্ত্রণালয়ের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান, যাতে হাসপাতালটি সম্পূর্ণভাবে চালু করে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD