Logo

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৩:০০
শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
প্রধানমন্ত্রী তারেক রহমান | ফাইল ছবি

দেশের বিনিয়োগ পরিস্থিতি উন্নয়ন এবং শিল্পখাতের বিদ্যমান প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করতে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়।

বিজ্ঞাপন

বৈঠকে সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিত্ব করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তারা ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগবান্ধব পরিবেশ এবং শিল্পখাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই বৈঠকের মধ্য দিয়ে দেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ’-এর কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সরকার ও ব্যবসায়ী মহলের মধ্যে একটি কার্যকর ও কাঠামোগত সংলাপ প্রতিষ্ঠাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

এই নতুন প্ল্যাটফর্মটি নীতিনির্ধারকদের সঙ্গে উদ্যোক্তাদের নিয়মিত মতবিনিময়ের সুযোগ তৈরি করবে, যার মাধ্যমে শিল্পখাতের সমস্যা দ্রুত চিহ্নিত ও সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত এই পরিষদে অর্থ ও বাণিজ্যমন্ত্রীর পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিল্পখাতের প্রতিনিধিরা যুক্ত হচ্ছেন। বস্ত্র, ওষুধ, ফুটওয়্যার, অটোমোবাইল এবং ভোগ্যপণ্য খাত থেকে মোট নয়জন বিশিষ্ট উদ্যোক্তা সদস্য হিসেবে এই পরিষদে অন্তর্ভুক্ত থাকবেন।

বিজ্ঞাপন

বিশ্লেষকদের মতে, সরকারি-বেসরকারি অংশীদারিত্ব জোরদার করতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে সহায়ক হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD