Logo

দোকান-শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সময় চায় মালিক সমিতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৩:৪২
দোকান-শপিংমল রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সময় চায় মালিক সমিতি
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতজনিত বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় সরকার সম্প্রতি দেশের সব দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।

বিজ্ঞাপন

সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে দেওয়া এক আনুষ্ঠানিক প্রস্তাবে বলা হয়েছে, বর্তমান সময়সূচি পরিবর্তন করে দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হোক। পাশাপাশি সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টা থেকে ব্যবসা পরিচালনার সময় নির্ধারণ করার বিষয়টিও বিবেচনায় নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শুক্রবার (৩ মার্চ) সন্ধ্যায় সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের যৌথ স্বাক্ষরে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব গণমাধ্যমে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংগঠনের স্ট্যান্ডিং কমিটির একটি জরুরি ভার্চ্যুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় দেশের প্রায় ৭০ লাখ দোকান ব্যবসায়ী এবং প্রায় আড়াই কোটি কর্মচারীর জীবিকা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় এনে নতুন সময়সূচি নির্ধারণের দাবি জানানো হয়।

তাদের মতে, বর্তমান সময়সূচি পরিবর্তন না করলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক চাপে পড়বেন। একই সঙ্গে ভোক্তা সেবাও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

সমিতির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে, দেশের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে দোকান ও শপিংমল পরিচালনার সময়সূচি পুনর্বিবেচনা করে বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু রাখার অনুমতি দেওয়া হোক।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD