Logo

স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৫:৫১
স্থানীয় সরকার নির্বাচনের সময় জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন আয়োজন নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট অধ্যাদেশগুলো জাতীয় সংসদে আইনে রূপান্তরিত হওয়ার পরপরই স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ সময় নবনিযুক্ত ১৪ জন জেলা পরিষদ প্রশাসকও উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের জারি করা স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার না করার অধ্যাদেশটি ইতোমধ্যে যাচাই-বাছাই শেষে সংসদে পাঠানো হয়েছে। সংসদ সদস্যরা বিষয়টি নিয়ে আলোচনা করে তা পুনরায় মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। খুব শিগগিরই এটি সংসদে উপস্থাপন করে আইনে পরিণত করা হবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব অধ্যাদেশ আইনে পরিণত হওয়ার পরই নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করবে সরকার। অর্থাৎ আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলেই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পথ সুগম হবে।

জেলা পরিষদ প্রশাসক নিয়োগ প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, যারা পূর্ববর্তী সরকারের সময় নির্যাতনের শিকার হয়েছেন এবং একই সঙ্গে জনগণের পাশে থেকে কাজ করেছেন, তাদের মধ্য থেকেই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি, তাদেরও এ দায়িত্বে আনা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি উল্লেখ করেন, দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হলেও প্রশাসকদের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা হবে এবং দায়িত্ব পালনে তাদেরকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD