Logo

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৭:৩৪
মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮ : যাত্রী কল্যাণ সমিতি
ছবি: সংগৃহীত

গত মার্চ মাসে দেশের সড়কপথে দুর্ঘটনার সংখ্যা ও প্রাণহানির চিত্র উদ্বেগজনকভাবে বেড়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এ মাসে ৬১৬টি সড়ক দুর্ঘটনায় ৬১৯ জন নিহত এবং এক হাজার ৫৪৮ জন আহত হয়েছেন। একই সময়ে সড়ক, রেল ও নৌ-পথ মিলিয়ে মোট ৬৭০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬৮২ জন এবং আহত হয়েছেন এক হাজার ৭৯৬ জন। দুর্ঘটনার ধরন বিশ্লেষণে দেখা গেছে, মোটরসাইকেল সংশ্লিষ্ট দুর্ঘটনাতেই সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

শনিবার (৪ এপ্রিল) সংগঠনটির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য তুলে ধরা হয়। এতে বলা হয়, দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত দুর্ঘটনার খবর সংগ্রহ ও বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বিভাগভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, মার্চ মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে ১৬০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৭০ জন এবং আহত হয়েছেন ৩২০ জন। বিপরীতে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে, যেখানে ৩০টি দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ১২২ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

সড়কে দুর্ঘটনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৯ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ১৫৭ জন চালক, ৯০ জন পথচারী, ১৭ জন পরিবহন শ্রমিক, ৬৮ জন শিক্ষার্থী, ১৫ জন শিক্ষক, ৭৮ জন নারী, ৮৬ শিশু, চারজন সাংবাদিক, তিনজন চিকিৎসক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন আইনজীবী, তিনজন প্রকৌশলী এবং ১৩ জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় মিলেছে।

নিহতদের মধ্যে ৫ জন পুলিশ সদস্য, একজন আনসার সদস্য, একজন বিজিবি সদস্য, একজন ফায়ার সার্ভিস সদস্য রয়েছেন।

বিজ্ঞাপন

দুর্ঘটনার স্থানভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মোট দুর্ঘটনার ৪০ দশমিক ৯০ শতাংশ জাতীয় মহাসড়কে ঘটেছে। আঞ্চলিক মহাসড়কে ঘটেছে ৩০ দশমিক শূন্য ৩ শতাংশ এবং ফিডার সড়কে ২২ দশমিক শূন্য ৭ শতাংশ দুর্ঘটনা। এছাড়া ঢাকা মহানগরীতে ৫ দশমিক ৫১ শতাংশ, চট্টগ্রাম মহানগরীতে শূন্য দশমিক ৪৮ শতাংশ এবং রেলক্রসিংয়ে শূন্য দশমিক ৯৭ শতাংশ দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

সংগঠনটির মতে, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি হওয়ায় প্রকৃত দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা আরও বেশি হতে পারে। এ কারণে সড়ক নিরাপত্তা জোরদার এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD