Logo

জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ এপ্রিল, ২০২৬, ১৯:২৫
জ্বালানি তেলের সরবরাহ নিয়ে জরুরি বৈঠকে বসছে মন্ত্রিসভা কমিটি
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ এবং জরুরি আমদানির প্রস্তাব অনুমোদনের জন্য গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রিসভা কমিটি বৈঠকে বসছে। অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই ভার্চ্যুয়াল বৈঠকে মোট ১৭ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত এবং চূড়ান্ত অনুমোদন আসতে পারে।

বিজ্ঞাপন

আজ শনিবার (৪ এপ্রিল) বিকেলে অনুষ্ঠিতব্য উভয় কমিটির সভাপতিত্ব করবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথমে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি নীতিগত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নীতিগত অনুমোদন মিললে তা সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পেশ করা হবে, যেখানে চূড়ান্ত অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

বৈঠকের আলোচ্যসূচি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ‘ডিবিএস ট্রেডিং হাউস এফজেডসিও’ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ১০ লাখ মেট্রিক টন ডিজেল (ইএন ৫৯০-১০ পিপিএম) এবং ১ লাখ মেট্রিক টন গ্যাসোলিন ৯৫ আনলেডেড (অকটেন) আমদানির প্রস্তাব আলোচনা হবে।

এছাড়া, ‘ম্যাক্সওয়েল ইন্টারন্যাশনাল এসপিসি’ থেকে ১ লাখ মেট্রিক টন ৫০ পিপিএম সালফার মানের ডিজেল এবং ‘কাজাখ গ্যাস প্রসেসিং প্ল্যান্ট এলএলপি’ থেকে ৫ লাখ মেট্রিক টন হাই স্পিড ডিজেল (এইচএসডি)/এজিও আমদানির বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বিজ্ঞাপন

সূত্রগুলো জানাচ্ছে, বৈশ্বিক জ্বালানি অস্থিরতার প্রেক্ষাপটে দ্রুততম সময়ে সরবরাহ নিশ্চিত করার জন্য সরাসরি ক্রয় পদ্ধতি বেছে নেওয়া হয়েছে। প্রস্তাবগুলো অনুমোদিত হলে খুব স্বল্প সময়ে এই আমদানির প্রক্রিয়া শুরু হবে এবং দেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরে সরবরাহে স্থিতিশীলতা ফিরবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD