Logo

আওয়ামী লীগের সময়ের উত্তরই দিচ্ছেন সড়কমন্ত্রী: মনিরুল হক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৮:৪১
আওয়ামী লীগের সময়ের উত্তরই দিচ্ছেন সড়কমন্ত্রী: মনিরুল হক
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে সড়ক অবকাঠামো উন্নয়ন নিয়ে আলোচনায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। মন্ত্রীর জবাবকে ‘হতাশাজনক’ আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় যে উত্তর দিতো, মন্ত্রীসাব সেই উত্তরই দিয়েছেন। এই রবীন্দ্র সংগীত আমরা বহু শুনেছি।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) সংসদের অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে জরুরি জন-গুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় এ প্রতিক্রিয়া জানান তিনি। এ সময় সড়ক প্রকল্প বাস্তবায়ন ও জনভোগান্তি নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন মনিরুল হক।

তিনি বলেন, বিপুল অর্থ ব্যয়ে বাস্তবায়নাধীন একটি প্রকল্পে আন্ডারপাস ও ওভারপাসের অভাব রয়েছে, যা জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে। অতীতের একটি নির্বাচনের সময় সড়ক অবরোধের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সে সময় সহিংসতায় হতাহতদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

মন্ত্রীর প্রতিশ্রুত উন্নয়ন পরিকল্পনার সমালোচনা করে সংসদ সদস্য আরও বলেন, এক্সপ্রেসওয়ে বা ওভারপাস নির্মাণের কথা বলা হলেও বাস্তবতায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। তার মতে, এসব বক্তব্য মূলত আমলাতান্ত্রিকভাবে তৈরি এবং বাস্তবসম্মত নয়।

এর জবাবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম সংসদকে জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ১০ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পদুয়ার বাজার এলাকায় আন্ডারপাস নির্মাণসহ নতুন পরিকল্পনা হাতে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তবে মন্ত্রীর এ ব্যাখ্যায় সন্তুষ্ট হননি মনিরুল হক। আলোচনার একপর্যায়ে স্পিকার জানতে চান, প্রস্তাবিত পদক্ষেপগুলো সমস্যার পূর্ণ সমাধান দিতে পারবে কি না। জবাবে মন্ত্রী স্বীকার করেন, এসব উদ্যোগ আংশিক সমাধান দিতে সক্ষম হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD