জামায়াত-এনসিপির নীরবতা নিয়ে যে প্রশ্ন তুললেন চিফ হুইপ

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাস হয়েছে। রবিবার (৫ এপ্রিল) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী ‘সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬’ সংসদে উত্থাপন করলে তা কণ্ঠভোটে অনুমোদন পায়।
বিজ্ঞাপন
তবে বিলটি পাসের সময় বিরোধীদলীয় সংসদ সদস্যরা ভোটদানে অংশ না নেওয়ায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন তোলেন এবং তাদের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
সংসদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, খুব বিস্ময়ের সাথে এবং হৃদয় দিয়ে অনুভব করলাম, জুলাই যুদ্ধ যাদের দিয়ে শুরু হয়েছিল যাদের দিয়ে এবং যে কারণে— বয়স বাড়ানোর বিষয় ছিল আর আমার চাকরি আরেকজনে নিয়ে যায় কেন— এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হল এবং আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হল, বাংলাদেশে একটি নতুন সূর্য উদিত হল। আমরা নিশ্বাস নিতে পারতাম না, নিশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হল যাদের দিয়ে, আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাস করার সময় মাননীয় বিরোধীদলের নেতৃবৃন্দ কেন ‘হাঁ’ বললেন না বুঝতে পারলাম না। ‘হাঁ’ বলা উচিত ছিল।
বিজ্ঞাপন
চিফ হুইপ আরও বলেন, আমরা মনে করি এই বিষয়টা স্পর্শকাতর, সকলের জন্য। না বলেন নাই, কিন্তু একটা বিষয় আছে— আজকের এই সংসদে মাননীয় স্পিকার আপনার এবং সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, আজকের এই জুলাই যোদ্ধারা সংসদে উপস্থিত আছেন। যাদের কারণে, যাদের বিষয়ে যারা আহত হয়েছেন এবং জীবন দিয়েছেন, আজকে আপনার বাম পাশে জুলাই যোদ্ধারা উপস্থিত আছেন। সবাই আমরা তাদের অভিনন্দন জানাতে চাই।
এদিকে, চিফ হুইপের বক্তব্য চলাকালে সংসদের সাউন্ড সিস্টেমে হঠাৎ ত্রুটি দেখা দেয়। পরবর্তীতে নামাজের বিরতিসহ প্রায় ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার।








