Logo

সুবিধামতো সংবিধান মানা প্রতারণার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ২২:১১
সুবিধামতো সংবিধান মানা প্রতারণার শামিল: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

সংবিধান মানা নিয়ে দ্বৈত অবস্থান গ্রহণকারীদের কঠোর ভাষায় সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিজের সুবিধামতো সংবিধান মেনে চলা আর অন্য সময় তা অস্বীকার করা জনগণের সঙ্গে প্রতারণার শামিল।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) জাতীয় সংসদে জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংশোধন সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় জুলাই সনদ ও সংস্কার পরিষদ নিয়ে আনা মুলতবি প্রস্তাবের প্রেক্ষাপটে তিনি সরকারের সাংবিধানিক অবস্থান ও কার্যক্রমের বৈধতা তুলে ধরেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা রাষ্ট্রপতির মাধ্যমে সংবিধান অনুযায়ী শপথ গ্রহণ করেছেন, তারাই এখন সংবিধান নিয়ে প্রশ্ন তুলছেন—এটি একটি স্পষ্ট স্ববিরোধিতা। তিনি স্মরণ করিয়ে দেন, বিরোধী দলের অনেকেই রাষ্ট্রপতির কাছেই বিভিন্ন দায়িত্বে শপথ নিয়েছিলেন।

বিজ্ঞাপন

রাষ্ট্রপতির সঙ্গে যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান এবং তার সঙ্গে যোগাযোগ করা বা আলোচনা করা সম্পূর্ণ স্বাভাবিক বিষয়। এটিকে বিতর্কিত করার কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ ও তৃতীয় তফসিল অনুযায়ী সংসদ সদস্যদের শপথ গ্রহণ সম্পূর্ণ বৈধভাবে সম্পন্ন হয়েছে। এমনকি স্পিকার বা ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে প্রধান নির্বাচন কমিশনারের মাধ্যমে শপথ নেওয়ার ব্যবস্থাও সংবিধানসম্মত বলেই উল্লেখ করেন তিনি।

এছাড়া সংসদ অধিবেশন আহ্বান এবং রাষ্ট্রপতির ভাষণ নিয়েও তিনি বলেন, সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন ডেকেছেন এবং ভাষণ দিয়েছেন। বর্তমানে সেই ভাষণের ওপর সংসদে যে আলোচনা চলছে, সেটিও সাংবিধানিক বিধান মেনেই পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

বক্তব্যের একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ কাজই সংবিধান অনুসরণ করে পরিচালিত হচ্ছে। কিন্তু একইসঙ্গে কেউ কেউ সংবিধানের সমালোচনা করছেন, যা এক ধরনের দ্বিমুখী আচরণ। যেখানে সুবিধা সেখানে সংবিধান মেনে নেওয়া, আর অন্য সময় তা অস্বীকার করা—এটি জনগণের সঙ্গে সরাসরি প্রতারণা।

তিনি আরও বলেন, সংবিধান নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে সেটি হতে হবে নির্দিষ্ট প্রক্রিয়ার ভেতরে থেকে এবং সাংবিধানিক কাঠামো অক্ষুণ্ণ রেখে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD