শিক্ষামন্ত্রীর সভা ঘিরে উত্তেজনা, বর্জন করল সাংবাদিকরা

ময়মনসিংহে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আয়োজিত একটি মতবিনিময় সভাকে কেন্দ্র করে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে অপমানজনক আচরণের অভিযোগ তুলে সভা বর্জন করেছেন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
বিজ্ঞাপন
সোমবার (দুপুর ১২টার দিকে) শহরের টাউনহলের তারেক স্মৃতি অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ শিক্ষাবোর্ডসহ সংশ্লিষ্ট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, তারা অনুষ্ঠান কাভার করতে পূর্বপ্রস্তুতি নিয়ে অডিটরিয়ামে অবস্থান করছিলেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন হলে প্রবেশ করে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সভায় তাদের উপস্থিতির প্রয়োজন নেই এবং তারা যেন স্থান ত্যাগ করেন।
বিজ্ঞাপন
সাংবাদিকরা আরও অভিযোগ করেন, মন্ত্রী জানান যে পরে সার্কিট হাউজের ডাকবাংলোতে তাদের সঙ্গে আলাদা করে কথা বলা হবে। তবে তার এই বক্তব্যের পরপরই কয়েকজন শিক্ষক সাংবাদিকদের ওপর চড়াও হন। তাদের অডিটরিয়াম থেকে বের করে দিতে ধাক্কাধাক্কি করা হয় এবং কেউ কেউ শারীরিকভাবে আঘাতের চেষ্টা করেন বলেও অভিযোগ ওঠে।
এই পরিস্থিতিতে নিজেদের পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে দাবি করে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে অনুষ্ঠানটি বর্জনের সিদ্ধান্ত নেন। পরে তারা অডিটরিয়ামের বাইরে অবস্থান নেন এবং ঘটনার প্রতিবাদ জানান।
বিজ্ঞাপন
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ এবং মতবিনিময় সভা থেকে তাদের বের করে দেওয়ার ঘটনাকে অনভিপ্রেত বলে মনে করছেন অনেকেই।








