সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব পেলেন শামছুল ইসলাম

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
বিজ্ঞাপন
সোমবার (৬ এপ্রিল) জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব ও দপ্তর পুনর্বিন্যাস করা হয়েছে। এর অংশ হিসেবে প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনরত শামছুল ইসলামকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্বও অর্পণ করা হয়েছে।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি ও ২৪ ফেব্রুয়ারি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়োগ এবং তাদের দায়িত্ব বণ্টন নির্ধারণ করা হয়েছিল। নতুন এই সিদ্ধান্তে সেই বণ্টনে আংশিক পরিবর্তন আনা হলো।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োজিত উপদেষ্টা হিসেবে শামছুল ইসলামের দায়িত্ব পুনর্নির্ধারণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এই বিভাগের দায়িত্ব একজন অভিজ্ঞ সাবেক সামরিক কর্মকর্তার ওপর ন্যস্ত করায় প্রশাসনিক কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।








