Logo

তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়েছেন ড. ইউনূস

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৬:০৪
তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়েছেন ড. ইউনূস
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের লন্ডন সফর এবং জাতীয় নির্বাচনের সময় নির্ধারণকে ঘিরে সংসদে নতুন করে রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। বগুড়া-২ আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছেন, লন্ডনে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘ট্রফি’ দিয়ে নির্বাচনের তারিখ নিয়ে আসেন ড. ইউনূস।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তার ভাষ্য অনুযায়ী, জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র-জনতার ব্যাপক অংশগ্রহণ থাকলেও এর রাজনৈতিক নেতৃত্বের একটি কেন্দ্রীয় ভূমিকা ছিল, যা এখন স্পষ্ট হয়েছে।

মীর শাহে আলম বলেন, আন্দোলনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিলেও নেতৃত্বের প্রশ্নে একজন ‘ক্যাপ্টেন’ থাকেন, যিনি পুরো প্রক্রিয়াকে পরিচালনা করেন। তার দাবি, অন্তর্বর্তী সরকারের প্রধান সেই বাস্তবতা অনুধাবন করেই লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে আলোচনা করেন এবং নির্বাচনের সময়সূচি নিয়ে আসেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এর মধ্য দিয়েই বোঝা যায়—কে প্রকৃত নেতৃত্ব দিয়েছেন এবং কোন রাজনৈতিক শক্তি আন্দোলনে প্রধান ভূমিকা পালন করেছে। একই সঙ্গে তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার ফলেই দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব হয়েছে।

সংসদে বক্তব্যে মীর শাহে আলম রাষ্ট্রপতির ভূমিকাও উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী লীগের সমর্থনে নির্বাচিত, তার বক্তব্যে কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক মূল্যায়ন উঠে এসেছে, যা বিএনপির জন্য ইতিবাচক বলে তিনি মনে করেন।

তিনি আরও দাবি করেন, রাষ্ট্রপতির ভাষণে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব নিয়ে যে মন্তব্য এসেছে, তা বিএনপির রাজনৈতিক অবস্থানকে প্রতিফলিত করে।

বিজ্ঞাপন

এছাড়া, সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি উল্লেখ করেন, বিএনপির প্রস্তাবিত কিছু কর্মসূচি ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। এর মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা তুলে ধরে তিনি বলেন, এটি দেশের গৃহিণী ও নারীদের মধ্যে ইতোমধ্যে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

মীর শাহে আলমের এই বক্তব্যকে কেন্দ্র করে সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, তার এই মন্তব্য চলমান রাজনৈতিক সমীকরণ ও ক্ষমতার ভারসাম্য নিয়ে আরও বিতর্কের জন্ম দিতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD