সংসদে একযোগে ৩ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধনী আইন পাস

দেশের উচ্চশিক্ষা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে তিনটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সংশোধনী বিল জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলগুলো অনুমোদন পায়।
বিজ্ঞাপন
পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে— ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিল ২০২৬’, ‘শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় খুলনা সংশোধন বিল ২০২৬’ এবং ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সিলেট সংশোধন বিল ২০২৬’।
অধিবেশনের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সংশোধন বিলটি উত্থাপন করা হয় এবং তাৎক্ষণিকভাবে কণ্ঠভোটে অনুমোদন দেওয়া হয়। এরপর খুলনার শেখ হাসিনা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের লক্ষ্যে প্রস্তাবিত বিলটি সংসদে উপস্থাপন করা হয়। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় দ্রুত বিবেচনার জন্য গৃহীত হয় এবং সেটিও কণ্ঠভোটে পাস হয়।
বিজ্ঞাপন
পরবর্তীতে সিলেটের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইন সংশোধনের প্রস্তাব সংসদে তোলা হয়। সংশ্লিষ্ট মন্ত্রী জানান, বিদ্যমান আইন হালনাগাদ ও কার্যক্রম আরও কার্যকর করার লক্ষ্যে এই সংশোধনী আনা হয়েছে।
বিলটির বিভিন্ন ধারা পর্যালোচনার পর ২ থেকে ১১ নম্বর দফা পর্যন্ত কোনো পরিবর্তন ছাড়াই গৃহীত হয়। পরে পূর্ণাঙ্গ বিলটি কণ্ঠভোটে অনুমোদন পায়।
বিজ্ঞাপন
সংসদ সূত্রে জানা গেছে, এসব সংশোধনের মাধ্যমে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক কাঠামো, একাডেমিক কার্যক্রম এবং ব্যবস্থাপনা আরও আধুনিক ও কার্যকর করার সুযোগ তৈরি হবে।
স্বাস্থ্যখাত সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই আইনগুলো বাস্তবায়িত হলে দেশের চিকিৎসা শিক্ষা ও গবেষণায় ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রমে গতিশীলতা বাড়বে এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনার পথ সুগম হবে।








