সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, ঢাকায় আনা হবে এয়ার অ্যাম্বুলেন্সে

দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত তাকে ঢাকায় নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার। তিনি জানান, সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুরে পৌঁছান মন্ত্রী। সেখান থেকে লালমনিরহাট যাওয়ার কথা ছিল তার।
বিমানবন্দরে অবতরণের পর তিনি রেস্টরুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নেন এবং এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন। হঠাৎ করে তার মাথা ঘোরা শুরু হয় এবং শারীরিক অস্বস্তি দেখা দেয়। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে সৈয়দপুর বিমানবন্দর এলাকা থেকে নিকটস্থ সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়।
বিজ্ঞাপন
হাসপাতালে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। এরপর তার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে দ্রুত ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে নির্ধারিত একটি ফ্লাইটে তাকে পাঠানোর প্রস্তুতি নেওয়া হলেও শারীরিক অবস্থা স্থিতিশীল না থাকায় তা সম্ভব হয়নি।
পরবর্তীতে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। ইতোমধ্যে ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশে রওনা দিয়েছে। সেটি পৌঁছালে মন্ত্রীকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিজ্ঞাপন
এই আকস্মিক অসুস্থতায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে চিকিৎসকরা তার অবস্থা পর্যবেক্ষণে রেখেছেন এবং উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজধানীতে নেওয়ার প্রস্তুতি চলছে।








