Logo

আজ নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১১:৫১
আজ নবনির্বাচিত দুই সংসদ সদস্যকে শপথ পাঠ করাবেন স্পিকার
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী দুই সংসদ সদস্য আজ শপথ নিতে যাচ্ছেন। তাদের শপথ বাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সদস্যরা প্রচলিত নিয়ম অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করবেন। এ সময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, গত ১০ এপ্রিল নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মাধ্যমে শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনের ফলাফল চূড়ান্ত করা হয়।

গেজেট অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর সংশ্লিষ্ট বিধান অনুসারে ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

শপথ নিতে যাওয়া দুই সংসদ সদস্য হলেন—শেরপুর-৩ আসনে নির্বাচিত মো. মাহমুদুল হক রুবেল এবং বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী মো. রেজাউল করিম বাদশা।

এর আগে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয় এবং ৯ এপ্রিল সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে পূর্বনির্ধারিত ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী একই দিনে সেখানে নির্বাচন সম্পন্ন হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD