Logo

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৩:২৭
শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি
ছবি: সংগৃহীত

বগুড়া-৬ উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচনে বিজয়ী দুই প্রার্থী আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা (বগুড়া-৬) এবং মাহমুদুল হক রুবেল (শেরপুর-৩) রবিবার (১২ এপ্রিল) জাতীয় সংসদে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন।

বিজ্ঞাপন

শপথ অনুষ্ঠানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) নবনির্বাচিত এই দুই সংসদ সদস্যকে শপথ বাক্য পাঠ করান। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

এর আগে, গত ১০ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) সচিব স্বাক্ষরিত গেজেট প্রকাশের মাধ্যমে বগুড়া-৬ উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। পরদিন (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গেজেটে জানানো হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৩৯ এর দফা (৪) অনুযায়ী ৯ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ীদের নাম, পিতা-মাতার পরিচয় ও ঠিকানা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসন থেকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হলেও পরে তিনি আসনটি ছেড়ে দিলে সেটি শূন্য ঘোষণা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৯ এপ্রিল সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, শেরপুর-৩ আসনে পূর্বনির্ধারিত নির্বাচনের আগে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে নতুন তফসিল অনুযায়ী একই দিনে সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD