লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রী ড. এমহামেদ সাঈদ জিদানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। গত সপ্তাহে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল ও বিস্তৃত করার নানা দিক নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাসের বরাতে জানা যায়, বৈঠকের শুরুতে উপমন্ত্রী রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলকে স্বাগত জানান। তিনি বাংলাদেশ ও লিবিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে অর্থনৈতিক, মানবিক ও কূটনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্ব দেন। তার মতে, পারস্পরিক সহযোগিতা বাড়লে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে দুই দেশের অবস্থান আরও শক্তিশালী হবে।
তিনি আরও উল্লেখ করেন, লিবিয়ার উন্নয়ন কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাদের দক্ষতা ও পরিশ্রমের কারণে লিবিয়ার জনগণের আস্থা অর্জন সম্ভব হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
বৈঠকে রাষ্ট্রদূত বিদ্যমান সম্পর্ককে আরও উচ্চ পর্যায়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতিসংঘসহ আন্তর্জাতিক অঙ্গনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, জ্বালানি খাতে অংশীদারত্ব সম্প্রসারণ, নিয়মিত দ্বিপাক্ষিক সংলাপ আয়োজন, বিভিন্ন খাতে সমঝোতা স্মারক স্বাক্ষর এবং কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতির বিষয় তুলে ধরেন।
রাষ্ট্রদূত লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ভূমিকার আহ্বান জানান। সাম্প্রতিক সময়ে অপহরণ, নির্যাতনসহ বিভিন্ন নিরাপত্তা উদ্বেগের বিষয়ও তিনি তুলে ধরেন এবং এসব ঘটনার প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
এছাড়া অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, অভিবাসন প্রক্রিয়া আরও সুশৃঙ্খল করা এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা শক্তিশালী করার বিষয়েও উভয় পক্ষ আলোচনা করেন। অভিবাসীদের অধিকার সুরক্ষা ও মানবিক ঝুঁকি কমাতে সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
বৈঠকে স্বাস্থ্যখাতসহ সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো এবং লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে উভয় পক্ষ একমত হন।








