Logo

দু-একটি ছাড়া অন্তর্বর্তী সরকারের গণভোটসহ সব কর্মকাণ্ড বৈধতা পাবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৭:৫৪
দু-একটি ছাড়া অন্তর্বর্তী সরকারের গণভোটসহ সব কর্মকাণ্ড বৈধতা পাবে
ছবি: সংগৃহীত

বিগত অন্তর্বর্তী সরকারের দু-একটি ব্যতিক্রম ছাড়া প্রায় সব কর্মকাণ্ড বৈধতা পেতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আরও বলেন, এর মধ্যে ওই সময় অনুষ্ঠিত গণভোটও আইনগতভাবে বৈধ হিসেবে গণ্য হবে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনি উপস্থিত ছিলেন।

গণভোট প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদের আলোকে যে ধরনের গণভোটের কথা বলা হয়, ১২ ফেব্রুয়ারির ওই গণভোট সেই সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় পড়ে না।

বিজ্ঞাপন

তবে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তিনি বলেন, গণভোট অধ্যাদেশ অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে এবং সেই অনুযায়ী এর আইনগত ভিত্তিও রয়েছে।

তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সব কর্মকাণ্ডকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়া হলে চতুর্থ তফসিলের মাধ্যমে ওই সময়ের বিভিন্ন সিদ্ধান্ত ও কার্যক্রমও বৈধতা পাবে। ফলে গণভোট সংক্রান্ত বিষয়টিও তখন আইনগতভাবে স্বীকৃত হয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই গণভোট অধ্যাদেশ অনুযায়ী হয়েছে, তাই নতুন করে এটিকে আলাদা করে আইন হিসেবে প্রণয়নের প্রয়োজন নেই বলে সরকার মনে করছে। একই আইনের আওতায় পুনরায় গণভোট আয়োজনের সুযোগ নেই; প্রয়োজনে নতুন আইন বা সাংবিধানিক কাঠামোর মাধ্যমে তা করতে হবে।

বিজ্ঞাপন

বিরোধী দলের পক্ষ থেকে গণভোট অধ্যাদেশ বাতিল নিয়ে আন্দোলনের হুমকির বিষয়ে তিনি বলেন, এ নিয়ে উদ্বেগের কিছু নেই। বিষয়টি অবৈধ নয় বরং ইতোমধ্যে এর একটি আইনগত ভিত্তি রয়েছে।

তিনি আরও মন্তব্য করেন, চতুর্থ তফসিলে যখন অন্তর্বর্তী সরকারের অধিকাংশ কর্মকাণ্ডকে বৈধতা দেওয়া হবে, তখন গণভোটসহ সংশ্লিষ্ট বিষয়গুলোও স্বাভাবিকভাবেই বৈধতা পাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD