Logo

আমরা বিরোধী দলকে, আর তারাও আমাদের বিশ্বাস করবে: চিফ হুইপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৮:৩৩
আমরা বিরোধী দলকে, আর তারাও আমাদের বিশ্বাস করবে: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

গণতন্ত্রের মূল ভিত্তি পারস্পরিক আস্থা—এ কথা উল্লেখ করে জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম নির্বাচিত জনপ্রতিনিধিদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমরা বিরোধী দলকে বিশ্বাস করব, আর বিরোধী দলও আমাদের বিশ্বাস করবে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নেন মো. রেজাউল করিম বাদশা ও মো. মাহমুদুল হক রুবেল।

চিফ হুইপ জানান, শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। সেখানে প্রধানমন্ত্রী স্পষ্টভাবে নির্দেশনা দেন, কোনো এলাকায় সমস্যা দেখা দিলে তা প্রশাসনের মাধ্যমে সমাধানের চেষ্টা করতে হবে, প্রয়োজনে তাকে অবহিত করতে হবে। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের প্রধান দায়িত্ব হচ্ছে জনগণের কল্যাণ নিশ্চিত করা এবং একটি মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সক্রিয় ভূমিকা রাখা।

সরকারের জ্বালানি খাতের উদ্যোগ প্রসঙ্গে চিফ হুইপ উল্লেখ করেন, জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিপুল পরিমাণ ভর্তুকি দিচ্ছে। তিনি জানান, এ খাতে ৩৬ হাজার কোটি টাকা ভর্তুকি প্রদান করা হয়েছে। একই সঙ্গে অতীতে বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের অর্থ দেশের মানুষের উন্নয়নেই ব্যয় করা।

শেরপুরের একটি নির্বাচনী ঘটনার উদাহরণ টেনে তিনি বলেন, সংসদে এক বিরোধী দলীয় সদস্য একজন রাজনৈতিক কর্মীর মৃত্যুর ভুল তথ্য দিয়েছেন, যদিও ওই ব্যক্তি জীবিত রয়েছেন।

বিজ্ঞাপন

এ ধরনের ভুল তথ্য সংসদের কার্যক্রমে বিভ্রান্তি সৃষ্টি করে উল্লেখ করে তিনি জানান, পরবর্তী অধিবেশনে ওই বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার প্রস্তাব আনা হবে। পাশাপাশি তিনি বিরোধী দলের সদস্যদের তথ্য যাচাই করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

আইন প্রণয়ন কার্যক্রম প্রসঙ্গে চিফ হুইপ বলেন, দেশের সংসদীয় ইতিহাসে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। মাত্র পাঁচ দিনে ১১৭টি বিল পাস করা হয়েছে, যা আগে কখনো ঘটেনি।

বিজ্ঞাপন

তিনি জানান, সরকার ও বিরোধী দলের প্রতিনিধিদের নিয়ে গঠিত বিশেষ কমিটির মাধ্যমে মোট ১৩৩টি অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ১১৭টি পাস হয়েছে এবং বাকি ১৬টিতে সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে তিনি বলেন, ছোটখাটো সংশোধনী ইস্যুকে কেন্দ্র করে সংসদ থেকে বেরিয়ে যাওয়া দুঃখজনক হলেও এটি গণতান্ত্রিক অধিকার। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে বিরোধী দল আরও গঠনমূলক ভূমিকা পালন করবে।

এছাড়া দেশের ইতিহাস সংরক্ষণের উদ্যোগ হিসেবে ‘জুলাই জাদুঘর’ প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন চিফ হুইপ। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক গণ-আন্দোলনের নানা অধ্যায় এতে স্থান পাবে। এটিকে শুধু একটি জাদুঘর নয়, বরং একটি জীবন্ত ইতিহাসভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD