হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ আটকে রাখা হবে না বলে ইরান থেকে আশ্বাস পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য তুলে ধরেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী বলেন, কোনো বাংলাদেশি জাহাজ যদি সেখানে আটকে থাকে, তবে তা ছেড়ে দেওয়ার বিষয়ে ইরান ইতিবাচক অবস্থান জানিয়েছে। একই সঙ্গে তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংলাপ আয়োজনের জন্য পাকিস্তানের উদ্যোগকে স্বাগত জানান। তার মতে, দুই দেশের মধ্যে সমঝোতা না হলে এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে পড়বে এবং ক্ষতির মুখে পড়বে বিভিন্ন দেশ।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান শামা ওবায়েদ। তিনি বলেন, যুদ্ধাবস্থার মধ্যেও বাংলাদেশকে ঝুঁকিমুক্ত রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, যারা বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে চান, তাদের ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে। তিনি আরও জানান, ইসরায়েলি হামলার কারণে লেবাননে অবস্থানরত বাংলাদেশি মিশনও ঝুঁকির মধ্যে রয়েছে।
উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করলে সেটিকে ইরানি কর্তৃপক্ষ আটকে দেওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকেই প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচল নিয়ে উদ্বেগ তৈরি হয়।
বিজ্ঞাপন
অন্যদিকে, একই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে নৌ-অবরোধের ঘোষণা দেন। তিনি মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেন, প্রণালিতে প্রবেশ বা বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে আটকে দিতে। এতে করে ইরানের পক্ষ থেকে বাধা না থাকলেও বাংলাদেশসহ অন্যান্য দেশের জাহাজ চলাচল নতুন করে অনিশ্চয়তার মুখে পড়তে পারে।








