১৭ এপ্রিল শুরু হচ্ছে হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চলতি বছরের হজ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আগামী ১৭ এপ্রিল রাতে। প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ তথ্য জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
বিজ্ঞাপন
রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
ধর্মমন্ত্রী জানান, আসন্ন হজ মৌসুমকে কেন্দ্র করে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে। সভায় প্রধানমন্ত্রী হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, হজযাত্রীরা ‘আল্লাহর মেহমান’, তাই তাদের প্রতি কোনো ধরনের অবহেলা, অনিয়ম বা অন্যায় আচরণ সহ্য করা হবে না।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী নিজেই হজযাত্রীদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্রহী। তিনি খুব শিগগিরই হজ ক্যাম্প পরিদর্শনে যাবেন, যেখানে যাত্রীরা অবস্থান করবেন। এর মাধ্যমে প্রস্তুতির অগ্রগতি ও সেবার মান সরাসরি তদারকি করবেন সরকারপ্রধান।
এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে হজ ফ্লাইট পরিচালনায় সম্ভাব্য চ্যালেঞ্জের বিষয়ে প্রশ্ন করা হলে ধর্মমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে এবং কোনো ধরনের জটিলতা তৈরি হবে না বলে তারা বিশ্বাস করেন।
বিজ্ঞাপন
এর আগে দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত হজ ব্যবস্থাপনা-সংক্রান্ত জাতীয় কমিটির সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হজযাত্রীদের নির্বিঘ্ন যাত্রা ও নিরাপদ অবস্থান নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এ বছরের হজ ব্যবস্থাপনা হবে আরও সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময়।








