Logo

প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৮:৪৫
প্রবীণ আইনজীবী ও সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশের প্রখ্যাত আইনজীবী ও সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বিজ্ঞাপন

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী। তিনি জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার রাতে শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকাকালেই তিনি মারা যান।

ব্যারিস্টার শফিক আহমেদ দেশের আইন অঙ্গনে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আমলে আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে বিচারব্যবস্থা ও আইন সংস্কারে তার অবদান উল্লেখযোগ্য বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বিজ্ঞাপন

পেশাগত জীবনে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্বে ছিলেন তিনি। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি দেশের বিচারব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

তার মৃত্যুতে আইন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, আইনজীবী ও বিভিন্ন মহল তার অবদান স্মরণ করে গভীর শোক প্রকাশ করেছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD