Logo

নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ চলছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ১৮:৩৮
নিরাপদ ও আধুনিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ চলছে
ছবি: সংগৃহীত

দেশের সড়ক, রেল ও নৌ যোগাযোগ খাতকে আধুনিক, নিরাপদ এবং দীর্ঘমেয়াদে টেকসই করতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, অবকাঠামোগত উন্নয়ন এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা তুলে ধরেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, যার মধ্যে বাংলাদেশের যোগাযোগ খাতের চলমান উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যৎ সহযোগিতার দিকগুলো বিশেষ গুরুত্ব পায়।

মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের যোগাযোগ ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির ব্যবহার, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং অবকাঠামোর মানোন্নয়নে একযোগে কাজ চলছে। তিনি আশা প্রকাশ করেন, এ খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে, যা বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল ও দক্ষ করে তুলবে।

বিজ্ঞাপন

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বর্তমান সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলা এবং টেকসই অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্র আগামীতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের যোগাযোগ খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। বৈঠকটি দুই দেশের মধ্যে যোগাযোগ খাতের সহযোগিতা আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD