Logo

অতিরিক্ত ডিআইজি হলেন ১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া কোহিনূর মিয়া

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ এপ্রিল, ২০২৬, ২১:০৮
অতিরিক্ত ডিআইজি হলেন ১৫ বছর পর চাকরি ফিরে পাওয়া কোহিনূর মিয়া
ছবি: সংগৃহীত

দীর্ঘ দেড় দশক পর চাকরিতে ফিরে আসা আলোচিত পুলিশ কর্মকর্তা মো. কোহিনূর মিয়াকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি, গ্রেড-৪) পদে পদোন্নতি দিয়েছে সরকার। এই পদোন্নতি তাকে ভূতাপেক্ষভাবে প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপ-সচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন রাষ্ট্রপতির আদেশক্রমে প্রকাশ করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ঢাকা মহানগর পুলিশের সাবেক উপ-পুলিশ কমিশনার (ডিসি, পশ্চিম) হিসেবে দায়িত্ব পালনকারী কোহিনূর মিয়াকে ২০১৫ সালের ৭ এপ্রিল থেকে কার্যকর ধরে এই পদোন্নতি দেওয়া হয়েছে। পাশাপাশি বিধি অনুযায়ী তিনি বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাও পাবেন।

বিজ্ঞাপন

এর আগে চলতি বছরের ৯ মার্চ রাষ্ট্রপতির পুনর্বিবেচনার ভিত্তিতে প্রায় ১৫ বছর আগের বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করে তাকে চাকরিতে পুনর্বহাল করা হয়।

সংশ্লিষ্ট প্রজ্ঞাপনে বলা হয়, তার বিরুদ্ধে দেওয়া গুরুদণ্ড পুনর্বিবেচনার আবেদন রাষ্ট্রপতি মঞ্জুর করেছেন এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। একই সঙ্গে বরখাস্তকালকে চাকরিকাল হিসেবে গণ্য করে সকল প্রাপ্য সুবিধা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিসিএস ১২ ব্যাচের কর্মকর্তা কোহিনূর মিয়া এক সময় ঢাকা মহানগর পুলিশের ডিসি এবং ময়মনসিংহ জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন বিতর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েন। এর প্রেক্ষিতে ২০০৯ সালের ৪ অক্টোবর তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তীতে ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি তাকে স্থায়ীভাবে বরখাস্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে অবশেষে তার বরখাস্তের আদেশ বাতিল হয় এবং বর্তমান সরকারের সময় তিনি পুনর্বহাল ও পদোন্নতি—দুই সুবিধাই পেলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD