২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২০ এপ্রিল একদিনের সরকারি সফরে বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে বহুল প্রতীক্ষিত বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি জেলার বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিস থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সেদিন সকালে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বগুড়া জেলা পুলিশ লাইন্স হেলিপ্যাডে পৌঁছাবেন তিনি। এরপর বেলা পৌনে ১১টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করবেন।
এরপর বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন ঘোষণা করা হবে।
বিজ্ঞাপন
পরে শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম এবং বাঘবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
দুপুরের পর তিনি শহীদ জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়িতে কিছু সময় কাটাবেন।
বিকেলে বগুড়া সার্কিট হাউসে বিরতির পর বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে বগুড়াজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।








