স্পিকারের সঙ্গে বিদায়ী ভারতীয় হাইকমিশনারের বৈঠক

জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
সাক্ষাৎকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারতের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশ-ভারতের মধ্যে দৃঢ় ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। সে সময় ভারত সরকার বাংলাদেশের পাশে থেকে সর্বাত্মক সহায়তা প্রদান করেছিল।
আরও পড়ুন: ভারতীয় ভিসা নিয়ে সুখবর পেল বাংলাদেশিরা
তিনি আরও উল্লেখ করেন, ভারত বাংলাদেশের অন্যতম ঘনিষ্ঠ প্রতিবেশী। আন্তর্জাতিক অঙ্গনে সহযোগিতার উদাহরণ হিসেবে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থীর প্রতি ভারতের সমর্থনের বিষয়টি তুলে ধরেন, যা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
বিজ্ঞাপন
স্পিকার সংসদের কার্যক্রম প্রসঙ্গে বলেন, বর্তমান জাতীয় সংসদ কার্যকর ও প্রাণবন্ত। বিরোধী দল সক্রিয়ভাবে সংসদীয় কার্যক্রমে অংশগ্রহণ করছে, যা গণতান্ত্রিক চর্চাকে শক্তিশালী করছে। তিনি দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে সম্ভাব্য ক্ষেত্রগুলো চিহ্নিত করে যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এ সময় প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক উন্নয়নে সংসদীয় মৈত্রী গ্রুপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দুই দেশের সংসদ সদস্যদের পারস্পরিক সফর ও যোগাযোগ বাড়ালে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে তিনি মত দেন।
বিজ্ঞাপন
বৈঠকে উভয় পক্ষ অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন। এসব বিষয়ে ইতিবাচক ও ফলপ্রসূ আলোচনার মাধ্যমে ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সাক্ষাৎ শেষে বিদায়ী হাইকমিশনার স্পিকারকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং ভারতের পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। এ সময় ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








