Logo

নববর্ষ ঘিরে শঙ্কা নেই, সর্বোচ্চ নিরাপত্তায় দেশ: র‍্যাব ডিজি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ এপ্রিল, ২০২৬, ১৩:২৩
নববর্ষ ঘিরে শঙ্কা নেই, সর্বোচ্চ নিরাপত্তায় দেশ: র‍্যাব ডিজি
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির মহাপরিচালক (অতিরিক্ত আইজিপি) মো. আহসান হাবীব পলাশ বলেছেন, দেশব্যাপী উৎসব ঘিরে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় র‍্যাব প্রস্তুত রয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

র‍্যাব ডিজি বলেন, এখন পর্যন্ত গোয়েন্দা তথ্য বা বিশ্লেষণে নববর্ষকে কেন্দ্র করে কোনো সুনির্দিষ্ট হুমকির তথ্য পাওয়া যায়নি।

তিনি জানান, উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে সারা দেশে র‍্যাবের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল টিমসহ মোট ৩০৮টি টহল দল মোতায়েন থাকবে। পাশাপাশি সাদা পোশাকে নজরদারি জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

রাজধানীর শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা বটমূল, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া এভিনিউ এবং বাংলা একাডেমিসহ গুরুত্বপূর্ণ সব অনুষ্ঠানস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব এলাকায় চেকপোস্ট, অবজারভেশন পোস্ট ও টহল জোরদারের পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত সুইপিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

র‍্যাব ডিজি আরও জানান, সার্বিক নিরাপত্তা তদারকির জন্য কন্ট্রোল রুম, সিসিটিভি মনিটরিং, ফুট পেট্রোল এবং রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে দ্রুত ব্যবস্থা নিতে বিশেষ কমান্ডো ইউনিটও প্রস্তুত রয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিজ্ঞাপন

ভার্চুয়াল জগতেও নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, নববর্ষকে ঘিরে কোনো গুজব, উসকানি বা ভুয়া তথ্য ছড়িয়ে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।

উৎসবস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। ইভটিজিং বা যৌন হয়রানির মতো ঘটনার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ধরনের ঝুঁকি বা হয়রানির শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে সাম্প্রতিক অপরাধ প্রসঙ্গে র‍্যাব ডিজি জানান, ঢাকার শ্যামলীতে একটি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে আটক করা হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় এক ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনায় নজরদারি চলছে এবং মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের এক সদস্য হত্যার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোনো আসামি একাধিক মামলার হলেও তার বাইরে থাকার দায় সবসময় আইনশৃঙ্খলা বাহিনীর নয়। অপরাধ করলে তাকে গ্রেপ্তার করা হবে—এটাই র‍্যাবের দায়িত্ব।

সবশেষে তিনি আশা প্রকাশ করেন, আগের বছরের মতোই এবারও উৎসবমুখর পরিবেশে দেশব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত হবে। সকলকে তিনি নববর্ষের শুভেচ্ছাও জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD