দেশকে বিক্রি করে চুক্তিতে বিএনপি কখনোই যাবে না: হুমায়ুন কবির

বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপস না করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেছেন, বাংলাদেশকে বিক্রি করে এমন কোনো চুক্তিতে বিএনপি কখনোই যাবে না।
বিজ্ঞাপন
সোমবার (১৩ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। বৈঠকে সাম্প্রতিক বিভিন্ন কূটনৈতিক ও নীতিগত বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
হুমায়ুন কবির বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণভাবে আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এগোনো হবে। এ ক্ষেত্রে আইন ও বিচারব্যবস্থার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও স্পষ্ট করেন তিনি।
বিজ্ঞাপন
সম্প্রতি তার ও পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও উল্লেখ করেন, বিএনপি যেহেতু জনগণের ভোটে নির্বাচিত দল, তাই ভারতের সঙ্গে কাজ করতে তাদের কোনো ধরনের জটিলতা হওয়ার কথা নয়। অতীতের অন্তর্বর্তী সরকারের সময় যে ধরনের সমস্যা দেখা গিয়েছিল, বর্তমান প্রেক্ষাপটে তা থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য বিদেশ সফর নিয়েও কথা বলেন হুমায়ুন কবির। তিনি জানান, দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশ দিয়েই সফর শুরু হতে পারে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এছাড়া, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দুই দেশের মধ্যে মেডিকেল ও ব্যবসায়িক ভিসা চালুর বিষয়েও ইতিবাচক আলোচনা হয়েছে।








