Logo

রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল আয়োজনে বর্ষবরণ শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ০৮:৪৫
রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল আয়োজনে বর্ষবরণ শুরু
ছবি: সংগৃহীত

রাজধানীর রমনার বটমূলে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। প্রভাতের আবহে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে সূচনা হয় এ আয়োজনের। পরে পরিবেশিত হয় ‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’ এবং ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দক্ষিণ হাতে’।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৬টা ১৫ মিনিটে শুরু হওয়া এ অনুষ্ঠান ঘিরে ভোর থেকেই জড়ো হন সংস্কৃতিপ্রেমীরা।

এবারের আয়োজনে মোট ২২টি গান পরিবেশনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ৮টি সম্মেলক এবং ১৪টি একক গান। পাশাপাশি থাকছে দুটি আবৃত্তি। ছায়ানটের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও খ্যাতিমান শিল্পী মিলিয়ে প্রায় ২০০ জন শিল্পী অংশ নিচ্ছেন অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

বাংলা নববর্ষ ১৪৩৩-কে স্বাগত জানাতে প্রভাতি এই আয়োজনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।

অনুষ্ঠানের সঙ্গীত তালিকায় স্থান পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ ও জ্যোতিরিন্দ্র মৈত্র-এর গান। এর পাশাপাশি পরিবেশিত হচ্ছে লোকসংগীতও।

১৯৬৭ সাল থেকে রমনার বটমূলে পয়লা বৈশাখে বর্ষবরণের এ আয়োজন করে আসছে ছায়ানট। সংগীতের মধ্য দিয়ে বাঙালির জাতিসত্তা ও সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরা এই আয়োজনের প্রধান বৈশিষ্ট্য। সময়ের পরিক্রমায় এটি দেশের সব শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের জন্য এক সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD