Logo

পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী পোশাকে প্রস্তুত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ০৯:৫৫
পহেলা বৈশাখে ঐতিহ্যবাহী পোশাকে প্রস্তুত বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় অংশ নিতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন অঞ্চলের পাহাড়ি ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা। নাচ, গান, মুখোশ, বাদ্যযন্ত্র এবং ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তারা অংশ নিতে প্রস্তুত হচ্ছেন বাঙালির প্রাণের এই উৎসবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদের উদ্যোগে শুরু হয় দেশের অন্যতম প্রধান এই বৈশাখী শোভাযাত্রা।

শোভাযাত্রাকে ঘিরে ভোর থেকেই রাজধানী ও আশপাশের এলাকা থেকে মানুষ চারুকলা প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। শিশুদেরও রঙিন পোশাকে অভিভাবকদের সঙ্গে অংশ নিতে দেখা যায়। অনেকেই মুখে আলপনা এঁকে ও হাতে বৈশাখী প্রতীক নিয়ে শোভাযাত্রায় যুক্ত হন।

এবারের আয়োজনে মৌলভীবাজার থেকে আসা মণিপুরি সম্প্রদায়ের শিল্পীরা নৃত্য পরিবেশনার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন। রাঙামাটি থেকে আগত চাকমা রিপিপ শিল্পীগোষ্ঠীও শেষ মুহূর্তের অনুশীলনে ব্যস্ত। পাশাপাশি রাখাইন, ম্রো, ত্রিপুরা ও সাঁওতালসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরা নিজস্ব ঐতিহ্যবাহী পরিবেশনা নিয়ে অংশ নিতে প্রস্তুত রয়েছেন।

বিজ্ঞাপন

ময়মনসিংহ গারো কালচারাল একাডেমির সাধারণ সম্পাদক সাইলেন রিসিল বলেন, প্রতিবছরের মতো এবারও বৈশাখী উৎসবে অংশ নিতে তারা দল নিয়ে এসেছেন এবং সবাই আনন্দিত।

রাজশাহী থেকে আসা সাঁওতাল সম্প্রদায়ের প্রতিনিধি আশা জানান, প্রায় ১০ জন সদস্য নিয়ে তারা শোভাযাত্রায় অংশ নিতে এসেছেন এবং এতে অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত আনন্দিত।

বিজ্ঞাপন

আয়োজক সূত্র জানায়, শোভাযাত্রাটি চারুকলা অনুষদ থেকে শুরু হয়ে শাহবাগ, দোয়েল চত্বর ঘুরে আবার চারুকলায় এসে শেষ হবে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক এই শোভাযাত্রায় বিভিন্ন জাতিগোষ্ঠীর অংশগ্রহণ আয়োজনকে আরও বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তুলেছে।

এদিকে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD