Logo

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
টাঙ্গাইল
১৪ এপ্রিল, ২০২৬, ১৩:০৭
‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পহেলা বৈশাখ উপলক্ষে কৃষকদের জন্য নতুন সরকারি উদ্যোগ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার সুরুজ এলাকার কৃষকদের হাতে এই কার্ড তুলে দেওয়া হয়।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকাল ১১টার দিকে তিনি টাঙ্গাইলে পৌঁছান। সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে বের হয়ে তিনি সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন বলে জানা গেছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ‘কৃষক কার্ড’ ব্যবস্থার মাধ্যমে কৃষকদের জন্য নির্ধারিত প্রণোদনা, ভর্তুকি ও অন্যান্য সরকারি সহায়তা সরাসরি ও সহজভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে। এতে কৃষি খাতে সেবা প্রদানের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী আমিন উর রশিদ জানিয়েছেন, কর্মসূচিটি শুরুতে পরীক্ষামূলকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে বাস্তবায়ন করা হবে। এই প্রাক-পাইলট পর্যায়ে মোট ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক ‘কৃষক কার্ড’ পাবেন। কার্ডধারীরা বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা পাবেন বলেও তিনি জানান।

সরকারি সূত্রে আরও বলা হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া সহজ হবে। একই সঙ্গে এটি সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচিকে আরও সুসংগঠিত করার একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

প্রশাসনের মতে, ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে বর্তমান সরকারের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আরও একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি যুক্ত হলো। এর আগে ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খাল খনন কর্মসূচির মতো উদ্যোগ গ্রহণ করা হয়েছে, যা বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক খাতে ইতিবাচক পরিবর্তন এনেছে বলে দাবি করা হচ্ছে।

নতুন এই উদ্যোগের মাধ্যমে কৃষি খাতে সহায়তা কার্যক্রম আরও গতিশীল হবে এবং প্রান্তিক কৃষকের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD