Logo

পহেলা বৈশাখে ফুল ও উপহার দিয়ে যাত্রীদের বরণ করে নিল রেলওয়ে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ এপ্রিল, ২০২৬, ১২:০৯
পহেলা বৈশাখে ফুল ও উপহার দিয়ে যাত্রীদের বরণ করে নিল রেলওয়ে
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে রেলযাত্রীদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পহেলা বৈশাখ উপলক্ষে ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে, যা যাত্রীদের মাঝে বাড়তি আনন্দের আবহ তৈরি করেছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসসহ এ রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনে এই বিশেষ আয়োজন দেখা যায়। যাত্রা শুরুর সময় অনেক যাত্রীকে হাসিমুখে ফুল গ্রহণ করতে দেখা গেছে। বিশেষ করে শিশুদের মাঝে চকলেট বিতরণ করায় তারা আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে।

রেলওয়ের সংশ্লিষ্টরা জানান, নববর্ষের আনন্দ যাত্রীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রেনভ্রমণকে আরও আনন্দময় করে তুলতে ফুল ও উপহার বিতরণের মাধ্যমে যাত্রীদের শুভেচ্ছা জানানো হয়।

বিজ্ঞাপন

প্রগতি রেলওয়ে ক্যাটারার্সের স্টুয়ার্ড ম্যানেজার মো. আনিছ বলেন, পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেসের সব যাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের মাঝে চকলেট বিতরণ করা হয়, যাতে তারা উৎসবের আনন্দ আরও বেশি করে উপভোগ করতে পারে।

একই প্রতিষ্ঠানের আরেক কর্মকর্তা মো. মইন উদ্দিন জানান, যাত্রীসেবার মান উন্নয়নের পাশাপাশি বিশেষ দিনগুলোতে যাত্রীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করতে তারা কাজ করে যাচ্ছেন। নববর্ষের দিনে এই আয়োজন যাত্রীদের ভ্রমণকে আরও স্মরণীয় করে তুলেছে।

বিজ্ঞাপন

রেলওয়ের এই উদ্যোগে যাত্রীদের মধ্যেও ইতিবাচক সাড়া দেখা গেছে। অনেকেই এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, উৎসবের দিনে এমন ছোট ছোট উদ্যোগ যাত্রাপথকে আরও আনন্দময় করে তোলে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD