ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক গ্রুপ-পেজ, সতর্কতার আহ্বান

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের নাম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক ভুয়া গ্রুপ ও পেজ খোলা হয়েছে, যেখানে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়।
বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ‘ব্যারিস্টার কায়সার কামাল ফ্যান’ নামে একটি গ্রুপসহ আরও কয়েকটি ফেসবুক পেজ ও গ্রুপে নানা ধরনের বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে ডেপুটি স্পিকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ডেপুটি স্পিকার নিজে কোনো ফেসবুক পেজ বা গ্রুপ পরিচালনা করেন না এবং এ ধরনের কার্যক্রম সম্পর্কে তিনি অবগতও নন। তিনি শুধুমাত্র তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ ব্যবহার করেন। তার নাম ব্যবহার করে পরিচালিত অন্য যেকোনো পেজ বা গ্রুপকে প্রতারণামূলক ও বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে।
বিজ্ঞাপন
সাধারণ জনগণকে এসব ভুয়া প্ল্যাটফর্মের পোস্টে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। একইসঙ্গে, এসব গ্রুপ বা পেজে যুক্ত হওয়া এবং কোনো ধরনের তথ্য শেয়ার করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ইচ্ছাকৃতভাবে এ ধরনের অপপ্রচারে জড়িত থাকে, তাহলে তার দায়ভার সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।
বিজ্ঞাপন
এদিকে, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বলেও জানানো হয়েছে।








