Logo

প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল, ২০২৬, ১৭:১০
প্রশংসা একটু কম কইরেন: স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

রাজধানীতে এক সরকারি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বারবার প্রধানমন্ত্রীর প্রশংসা করছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় মঞ্চ থেকেই তাকে প্রশংসা কিছুটা সংযত করতে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা উপস্থিতদের মধ্যে হালকা হাস্যরসের পরিবেশ তৈরি করে।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (ইউএইচএফপিও) সম্মেলনে এই ঘটনা ঘটে।

অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভূমিকার প্রশংসা করতে থাকেন। তার বক্তব্যের একপর্যায়ে প্রধানমন্ত্রী সরাসরি বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম কইরেন।”

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে মিলনায়তনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হাসির রোল পড়ে যায়। জবাবে স্বাস্থ্যমন্ত্রীও হালকা রসিকতার সুরে বলেন, খুব প্রশংসা করি নাই যতটুকু আপনি করতেছেন, সামান্যই বলেছি।

তবে বক্তব্যের মূল অংশে স্বাস্থ্যমন্ত্রী দেশের স্বাস্থ্য খাত উন্নয়নে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন। তিনি বলেন, জনগণের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন এবং মানবসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, সরকারের জিরো টলারেন্স নীতির আওতায় স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষ করে মাঠপর্যায়ের চিকিৎসকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, তাদের সঙ্গে সমন্বয় বাড়ানো এবং কাজের পরিবেশ উন্নত করা সরকারের অগ্রাধিকারের মধ্যে রয়েছে।

সম্মেলনে উপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে তিনি আহ্বান জানান, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করতে হবে। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD