Logo

খাল পুনঃখনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব শুরু হবে: পানিসম্পদমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
১৮ এপ্রিল, ২০২৬, ১৭:২৩
খাল পুনঃখনন অব্যাহত থাকলে দেশে নতুন বিপ্লব শুরু হবে: পানিসম্পদমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশজুড়ে খাল পুনঃখনন কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটা নতুন জাগরণ ও নতুন বিপ্লব শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

শনিবার (১৮ এপ্রিল) লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, অতিদরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় কাইচ্চা বাড়ি থেকে মনোহরপুর হাজির ব্রিজ হয়ে ইউছুফপুর রহমতখালী খাল পর্যন্ত পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী। প্রতীকীভাবে কোদাল দিয়ে মাটি কেটে এই কার্যক্রমের সূচনা করা হয়।

বিজ্ঞাপন

খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, দীর্ঘদিন ধরে খালগুলো পুনঃখনন না হওয়ায় অনেক জায়গায় অবৈধ দখল, স্থাপনা নির্মাণ এবং শিল্পবর্জ্যের কারণে খালগুলো প্রায় অচল হয়ে পড়েছে। কোথাও বসতবাড়ি, কোথাও দোকানপাট গড়ে ওঠায় খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। পুনঃখননের মাধ্যমে এসব দখল ও প্রতিবন্ধকতা দূর করে খালগুলোকে আবারও সচল করা হবে।

তিনি আরও বলেন, দেশের মানুষের জীবিকা মূলত কৃষিনির্ভর। কৃষি উৎপাদন বাড়াতে পানি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারিকেল, সুপারি, শাকসবজি ও মাছ উৎপাদন বৃদ্ধির জন্য পর্যাপ্ত পানির বিকল্প নেই। তাই খাল খননের মাধ্যমে বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে তা ব্যবহার করার সুযোগ তৈরি হবে, যা উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পানিসম্পদমন্ত্রী জানান, রহমতখালী, ওয়াপদা খাল ও ভুলুয়া নদী পুনঃখননের উদ্যোগ ইতোমধ্যে নেওয়া হয়েছে। পাশাপাশি নদীর সঙ্গে সংযুক্ত ছোট খালগুলোকেও পর্যায়ক্রমে পুনঃখননের আওতায় আনা হচ্ছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, কয়েকটি খাল খনন করলেই সমস্যার সমাধান হবে না; জলাবদ্ধতা নিরসন, নিরাপদ বসবাস এবং পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে টিকে থাকতে হলে এ কার্যক্রম দীর্ঘমেয়াদে অব্যাহত রাখতে হবে।

জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপিসহ অন্যান্যরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD