এবার বাড়তে পারে ভাড়া, বৈঠকে বসেছে বাস মালিক ও বিআরটিএ

ডিজেলের মূল্য লিটারপ্রতি ১৫ টাকা বৃদ্ধির প্রেক্ষাপটে গণপরিবহন ও পণ্যবাহী যানবাহনের ভাড়া সমন্বয়ের লক্ষ্যে বৈঠকে বসেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) ও পরিবহন মালিকরা। নতুন ভাড়ার হার নির্ধারণে এই আলোচনা ঘিরে পরিবহন খাতে তৈরি হয়েছে নতুন সমীকরণ।
বিজ্ঞাপন
রবিবার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাজধানীর বনানীতে বিআরটিএর প্রধান কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। এতে যাত্রীবাহী বাস-মিনিবাস ও পণ্যবাহী ট্রাকের ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে বিস্তারিত আলোচনা চলছে।
বৈঠক সংশ্লিষ্ট সূত্র জানায়, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে সারা দেশে ডিজেলচালিত পরিবহনের পরিচালন ব্যয় বেড়েছে। এই প্রেক্ষাপটে কিলোমিটারপ্রতি ভাড়া সমন্বয়ের জন্য যাত্রীবাহী মোটরযানের ভাড়া পুনর্নির্ধারণ কমিটির সভা আহ্বান করা হয়েছে।
বিজ্ঞাপন
সভায় পরিবহন মালিকদের পক্ষ থেকে নতুন ভাড়ার প্রস্তাব উপস্থাপন করা হবে। এরপর সেই প্রস্তাব খতিয়ে দেখে যৌক্তিকতা যাচাইয়ের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
বৈঠকে সভাপতিত্ব করছেন বিআরটিএর চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর। এছাড়া উপস্থিত রয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতিসহ সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা।
বিজ্ঞাপন
সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি খরচ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনায় নেওয়া হলেও যাত্রীদের স্বার্থ ও সামগ্রিক অর্থনৈতিক প্রভাবও গুরুত্ব পাবে চূড়ান্ত সিদ্ধান্তে। নতুন ভাড়ার হার নির্ধারণ হলে তা দ্রুত কার্যকর করা হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।








