জ্বালানি সংকটে জরুরি বৈঠক ডেকেছে বিটিআরসি

দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাব থেকে টেলিযোগাযোগ খাতকে সুরক্ষিত রাখতে জরুরি উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরবচ্ছিন্ন নেটওয়ার্ক সেবা নিশ্চিত করতে জ্বালানি তেল ও বিদ্যুৎ সরবরাহে সমন্বিত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ধারাবাহিক বৈঠকের আয়োজন করেছে সংস্থাটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, টেলিকম খাত সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের উদ্বেগের প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে আজ ২২ এপ্রিল জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।
এতে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, দেশের মোবাইল অপারেটররা, এনটিটিএন (ন্যাশনওয়াইড টেলিকম ট্রান্সমিশন নেটওয়ার্ক) অপারেটর, টাওয়ার কোম্পানি এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এমটব)-এর প্রতিনিধিরা অংশ নেবেন।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জ্বালানি সরবরাহের পাশাপাশি বিদ্যুৎ ঘাটতি মোকাবিলায় পৃথক আরেকটি যৌথ বৈঠকও অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল নির্ধারিত এ সভায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), বিভিন্ন বিদ্যুৎ বিতরণ সংস্থা এবং টেলিকম অপারেটররা অংশ নেবেন। সেখানে টেলিযোগাযোগ অবকাঠামো সচল রাখতে বিদ্যুৎ সরবরাহে কীভাবে স্থিতিশীলতা আনা যায়, সে বিষয়ে করণীয় নির্ধারণ করা হবে।
জানা গেছে, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে দেশের বিভিন্ন এলাকায় টেলিকম নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ও ট্রান্সমিশন ব্যবস্থাপনা নির্ভর করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানির ওপর। ফলে এ খাতে যেকোনো ঘাটতি সরাসরি গ্রাহকসেবায় প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞাপন
এ প্রেক্ষাপটে বিটিআরসি সংশ্লিষ্ট সব পক্ষকে এক প্ল্যাটফর্মে এনে সমন্বিত সমাধানের চেষ্টা করছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি কার্যালয়ে দুপুর আড়াইটায় জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণ বিষয়ক প্রথম বৈঠকটি অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এসব বৈঠকের মাধ্যমে জ্বালানি ও বিদ্যুৎ সংকটজনিত সমস্যার কার্যকর সমাধান বের হয়ে আসবে এবং দেশের টেলিকম সেবা স্বাভাবিক রাখা সম্ভব হবে।








