এ মাসেই বোয়িং থেকে ১৪ উড়োজাহাজ কেনার পরিকল্পনা সরকারের

রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করতে চলতি মাসের মধ্যেই যুক্তরাষ্ট্রভিত্তিক নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কেনার পরিকল্পনা নিয়েছে সরকার। এমন তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, আগামী ৩০ এপ্রিলের মধ্যে উড়োজাহাজ কেনার প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: বাড়ানো হলো বাসের ভাড়া
প্রতিমন্ত্রী আরও জানান, রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর অথবা নতুন বছরের শুরুতে উদ্বোধন করা হতে পারে। এই টার্মিনালের পরিচালনা ও হ্যান্ডেলিং দায়িত্ব জাপানের একটি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
অন্যদিকে, দেশের পর্যটন খাতের গুরুত্বপূর্ণ গন্তব্য কক্সবাজার বিমানবন্দরে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ফ্লাইট চালু করার প্রস্তুতি চলছে বলেও তিনি উল্লেখ করেন।
বৈঠকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অতীত কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতির বিষয়গুলো পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, ভবিষ্যতে সংস্থাটিকে আরও দক্ষ ও স্বচ্ছভাবে পরিচালনার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়ন এবং বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমানোর কৌশলের অংশ হিসেবেও বোয়িং থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি গত কয়েক মাস ধরে আলোচনায় ছিল।








