Logo

যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ এপ্রিল, ২০২৬, ১৬:১৭
যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করতে নয় বরং যুদ্ধ এড়াতে: সেনাপ্রধান
ছবি: সংগৃহীত

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, যুদ্ধের প্রস্তুতি নেওয়া হয় যুদ্ধ করার জন্য নয়, বরং তা এড়ানোর জন্য। তিনি জোর দিয়ে বলেন, শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ছাড়া কার্যকর পররাষ্ট্রনীতি বাস্তবায়ন সম্ভব নয়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) ‘ক্যাপস্টোন কোর্স ২০২৬/১’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিরক্ষা সক্ষমতা প্রসঙ্গে সেনাপ্রধান বলেন, দেশের আমদানি-রপ্তানি অনেকটাই সমুদ্রপথনির্ভর হওয়ায় নৌবাহিনীর সক্ষমতা বাড়ানো জরুরি। পাশাপাশি বিমানবাহিনীর আধুনিকায়নের ওপরও গুরুত্ব দেন তিনি।

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকটকে জাতীয় সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এ সংকট সমাধানে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, দেশে একমাত্র ইস্টার্ন রিফাইনারির সীমিত সক্ষমতার কারণে প্রয়োজনীয় জ্বালানি পরিশোধন সম্ভব হচ্ছে না। ফলে অধিকাংশ জ্বালানি উচ্চমূল্যে আমদানি করতে হচ্ছে। স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও দ্বিতীয় রিফাইনারি স্থাপন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

বিজ্ঞাপন

আন্তর্জাতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র বা ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনা এবং হরমুজ প্রণালির অস্থিরতা বৈশ্বিক জ্বালানি সরবরাহে প্রভাব ফেলছে, যার প্রতিফলন সাধারণ মানুষের জীবনেও পড়ছে।

সমাপনী বক্তব্যে সেনাপ্রধান আশা প্রকাশ করেন, এনডিসি ভবিষ্যতে এ ধরনের কোর্স আরও বিস্তৃত করবে এবং অংশগ্রহণকারীরা অর্জিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে প্রয়োগ করে দেশের উন্নয়ন ও নিরাপত্তায় অবদান রাখবেন।

গত ৫ থেকে ২৩ এপ্রিল পর্যন্ত তিন সপ্তাহব্যাপী এই কোর্সে মোট ৪৫ জন ফেলো অংশ নেন। তাদের মধ্যে সংসদ সদস্য, জ্যেষ্ঠ সামরিক ও পুলিশ কর্মকর্তা, শিক্ষাবিদ, চিকিৎসক, কূটনীতিক, ব্যবসায়ীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন সেনাপ্রধান।

বিজ্ঞাপন

এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংলাপ ও ঐকমত্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এ ধরনের কোর্স কৌশলগত সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতের নেতৃত্বের মধ্যে সমন্বয় জোরদারে সহায়ক।

অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD