Logo

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সব ইউনিট সম্পূর্ণভাবে বন্ধ

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
২৩ এপ্রিল, ২০২৬, ১৮:১৭
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে সব ইউনিট সম্পূর্ণভাবে বন্ধ
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। কেন্দ্রটির সচল থাকা শেষ ইউনিটটিও বন্ধ হয়ে যাওয়ায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার (২২ এপ্রিল) মধ্যরাতের দিকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। এর ফলে ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পুরো বিদ্যুৎকেন্দ্রটি কার্যত উৎপাদনহীন হয়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রটির প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ২ নম্বর ইউনিটটি (১২৫ মেগাওয়াট) দীর্ঘদিন ধরে যান্ত্রিক ত্রুটি ও সংস্কারকাজের কারণে বন্ধ রয়েছে। ২০২০ সালের নভেম্বর থেকে ইউনিটটি অচল অবস্থায় আছে। ফলে গত কয়েক বছর ধরে মূলত ১ ও ৩ নম্বর ইউনিটের ওপর নির্ভর করেই বিদ্যুৎ উৎপাদন চালানো হচ্ছিল।

বিজ্ঞাপন

তবে সচল থাকা ইউনিটগুলোও স্থিতিশীলভাবে চালু রাখা সম্ভব হয়নি। বিভিন্ন সময়ে যান্ত্রিক ত্রুটির কারণে বারবার উৎপাদন ব্যাহত হয়েছে। বিশেষ করে বয়লারে লিকেজ, টিউব ফেটে যাওয়া এবং টারবাইনের সেন্সর বিকল হওয়ার মতো সমস্যায় এর আগেও কয়েক দফা পুরো কেন্দ্রটি বন্ধ হয়ে যায়।

২০২৫ সালের ফেব্রুয়ারি ও অক্টোবর মাসেও একই ধরনের ত্রুটির কারণে এই বিদ্যুৎকেন্দ্রটি পুরোপুরি বন্ধ হয়ে পড়েছিল। পুরোনো এই স্থাপনাটির বারবার ত্রুটির মুখে পড়া এখন বিদ্যুৎ খাতে উদ্বেগ বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

বিশেষজ্ঞরা মনে করছেন, বড়পুকুরিয়া কেন্দ্রের উৎপাদন বন্ধ থাকায় দেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সরবরাহে চাপ বাড়তে পারে। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করে ইউনিটগুলো চালু করা না গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD