ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমিয়েছে সরকার

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের জন্য নির্ধারিত ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (ভিভিআইপি) মর্যাদার সময়সীমা কমিয়েছে সরকার। আগে এক বছরের জন্য দেওয়া এই বিশেষ মর্যাদা এখন ছয় মাসে নামিয়ে আনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ) কর্তৃক প্রদত্ত নিরাপত্তা সুবিধার মেয়াদও হ্রাস পাচ্ছে।
বিজ্ঞাপন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দুই দিন আগে, গত ১০ ফেব্রুয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে ড. ইউনূসকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে ঘোষণা করা হয়েছিল।
সে সময় জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ ছিল, দায়িত্ব হস্তান্তরের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এই মর্যাদা প্রদান করা হবে এবং তিনি বিশেষ নিরাপত্তা সুবিধা পাবেন।
বিজ্ঞাপন
ওই প্রজ্ঞাপনটি তৎকালীন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লা পান্নার স্বাক্ষরে জারি করা হয়েছিল। এতে বিশেষ নিরাপত্তা বাহিনী আইন অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়।
পরবর্তীতে রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব গ্রহণ করলে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনের অবসান ঘটে। নতুন সরকার গঠনের প্রায় আড়াই মাস পর ড. ইউনূসের জন্য নির্ধারিত ভিভিআইপি মর্যাদার সময়সীমা পুনর্বিবেচনা করে তা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রীর কার্যালয়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে তার জন্য এসএসএফের নিরাপত্তা সুবিধা সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বহাল থাকবে।








