Logo

‘চাচা, আমার বাপের নাম কী?’

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৭ এপ্রিল, ২০২৬, ১৬:৩৭
‘চাচা, আমার বাপের নাম কী?’
ছবি: সংগৃহীত

১৯৭৬ সালের ১ নভেম্বর। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন উলাশীতে দেশের প্রথম স্বেচ্ছাশ্রমভিত্তিক খাল খনন কর্মসূচির সূচনা করেন, তখন ৩০ বছরের তরুণ শাহাদাত হোসেন ঝুড়ি-কোদাল হাতে সেই কাজে অংশ নিয়েছিলেন। সময়ের ব্যবধানে আজ তিনি ৮০ বছর বয়সী প্রবীণ। আর সেই একই জায়গায় দাঁড়িয়ে তিনি দেখলেন, তার যৌবনের স্মৃতিবিজড়িত উলাশী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করছেন শহীদ জিয়ার সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) সকালে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উপস্থিত বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন। এ সময় সাদা দাড়ি আর বয়সের ভারে ন্যুব্জ শাহাদাত হোসেনকে দেখে তিনি নিজেই এগিয়ে যান। পরম শ্রদ্ধায় তার হাত ধরে প্রধানমন্ত্রী হাসিমুখে বলেন, “চাচা, আমার বাপের নাম কী?”

জবাবে আবেগাপ্লুত শাহাদাত হোসেন অত্যন্ত গর্বের সাথে উচ্চারণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম। তিনি প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর মা বেগম খালেদা জিয়াও তো প্রধানমন্ত্রী ছিলেন।’

বিজ্ঞাপন

এরপর প্রধানমন্ত্রী তার বয়সের কথা জানতে চাইলে শাহাদাত হোসেন স্মৃতিচারণ করে বলেন, যখন এই খালের কাজ শুরু হয়েছিল তখন তার বয়স ছিল ৩২ বছর, আর এখন তিনি আশি ঊর্ধ্ব এক বৃদ্ধ।

কথোপকথনের এক পর্যায়ে প্রধানমন্ত্রী হাসিমুখে জিজ্ঞেস করেন, ‘চাচা, আজকে কাটতে পারবেন না খাল?’ প্রধানমন্ত্রীর এমন রসিকতায় বৃদ্ধ শাহাদাত হোসেন হাসিতে ফেটে পড়েন এবং ধরা গলায় বলেন, ‘বাবার সঙ্গে একবার এই মাটিতে কোদাল দিয়েছিলাম, এখন কি আর সেই শক্তি আছে বাজান!’

বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন উপলক্ষে সোমবার যশোরে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী তিনি যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, যশোর ইনস্টিটিউট পরিদর্শন এবং যশোর ঈদগাহে জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD