Logo

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৭ এপ্রিল, ২০২৬, ১৭:০০
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের দোরগোড়ায় দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। একই সঙ্গে চিকিৎসা সেবার প্রসারের পাশাপাশি জনগণকে সচেতন করে অসুস্থতা প্রতিরোধেও গুরুত্ব দিচ্ছে সরকার।

বিজ্ঞাপন

সোমবার (২৭ এপ্রিল) যশোরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বহুদিনের প্রতীক্ষিত এই প্রকল্পের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন আশাবাদ তৈরি হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, একটি দেশকে সামনে এগিয়ে নিতে হলে প্রথম শর্ত একটি সুস্থ জাতি গড়ে তোলা। জনগণ সুস্থ না থাকলে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ব্যাহত হবে এবং সামগ্রিক অগ্রগতি থমকে যাবে। উন্নত ও কার্যকর স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে, যাতে মানুষ দ্রুত ও সহজে চিকিৎসাসেবা পেতে পারে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য শুধু হাসপাতাল নির্মাণ নয়; বরং এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা, যেখানে মানুষ অসুস্থ হওয়ার আগেই সচেতন হবে, প্রতিরোধমূলক স্বাস্থ্যচর্চা বাড়বে এবং প্রাথমিক পর্যায়েই চিকিৎসা নিশ্চিত করা যাবে। প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যসেবা ভবিষ্যতের জাতীয় স্বাস্থ্যনীতির অন্যতম ভিত্তি হবে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণের সক্রিয় সহযোগিতা প্রয়োজন। সরকার ও জনগণের সম্মিলিত উদ্যোগ থাকলে চিকিৎসাসেবা আরও দ্রুত এবং কার্যকরভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া সম্ভব হবে। দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের প্রত্যাশা, লক্ষ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনার কেন্দ্রবিন্দু বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বিজ্ঞাপন

সরকারি সূত্রে জানা গেছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ তত্ত্বাবধানে হাসপাতাল ভবনটি নির্মিত হবে। যশোর মেডিকেল কলেজ দীর্ঘদিন ধরে ২৫০ শয্যার সীমিত সক্ষমতায় পরিচালিত হয়ে আসছিল। নতুন ৫০০ শয্যার হাসপাতাল চালু হলে এ অঞ্চলের চিকিৎসাসেবায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই হাসপাতাল ভবন চালু হলে যশোরসহ আশপাশের জেলার রোগীদের চিকিৎসার জন্য রাজধানীমুখী চাপ কমবে। বিশেষায়িত চিকিৎসা, আধুনিক অবকাঠামো এবং সেবার পরিধি বাড়ার মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় এটি নতুন মাত্রা যোগ করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD